জামায়াতের আমির চাইলে আলোচিত চিঠি প্রকাশ করবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:৫৫ পিএম
জামায়াতের আমির চাইলে আলোচিত চিঠি প্রকাশ করবে সরকার

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চাইলে তার আলোচিত চিঠিটি প্রকাশ করতে প্রস্তুত রয়েছে সরকার।

বুধবার (১১ মার্চ) এ বিষয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, চিঠি সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসার পর বিষয়টি স্পষ্ট করার জন্য এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২২ ফেব্রুয়ারি ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান। একই চিঠি তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন।

চিঠিটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার প্যাডে লেখা ছিল। এতে ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।

চিঠিতে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ড. হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন এবং দেশের পররাষ্ট্রনীতি এগিয়ে নিতে তাকে উল্লিখিত পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। চিঠির নিচে কেবল বিরোধীদলীয় নেতার স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করা হবে।

এদিকে একটি পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে জানানো হয়, উক্ত চিঠির বিষয়ে আমিরে জামায়াত অবগত ছিলেন না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কোনো ফোনালাপ বিরোধীদলীয় নেতার সঙ্গে হয়নি।

এসএইচ 

Link copied!